বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কর্মঘণ্টা কমানো হচ্ছে ভেনিজুয়েলায়

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ২২:০৩
 
ভেনেজুয়েলায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা কমানো হবে বলে জানানো হয়েছে। দৈনিক আট বা নয় ঘণ্টা থেকে কমিয়ে এটা সাড়ে পাঁচ ঘণ্টা করা হবে। প্রচণ্ড গরমের কারণে দেশটিতে গত এক সপ্তাহে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
 
ভেনেজুয়েলায় কর্মঘণ্টা কমানোর উদ্যোগটি দেশজুড়ে সীমিতভাবে বিদ্যুৎ বণ্টন করার পরিকল্পনারও একটি অংশ। উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সংবাদমাধ্যমগুলো দেশজুড়ে বিদ্যুৎ না থাকার কথা জানিয়েছিল। কর্মঘণ্টা কমানোর বিষয়ে ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট জর্জ অ্যারিয়েজা বলেন, অত্যাধিক গরম আবহাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। তিনি জানান, সরকারি চাকুরিজীবীরা এখন সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত কাজ করবেন।
 
অ্যারিয়োজা আরো বলেন, জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর জন্য কোম্পানিগুলোকে তাদের নিজেদের জেনারেটর ব্যবহার করার কথা বলা হবে। ব্যক্তিমালিকানাধীন বাড়ির মালিকরা সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে উল্লেখ করে সবাইকে তাদের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ডায়াল কমিয়ে রাখার আহবান জানান। তিনি বলেন, ‘দক্ষতার সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের জন্য আমরা সবার বিবেকের প্রতি অনুরোধ করছি।’ সূত্র: বিবিসি