সাবেক সচিব মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ত্রিবেদীর পরলোকগমন

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৬:০৮

সাবেক সচিব মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ত্রিবেদী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের সময় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।

তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবীন্দ্রনাথ ত্রিবেদী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস তথ্য সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক অতিরিক্ত প্রেস সচিব (১৯৯৬-১৯৯৮), রাষ্ট্রপতির প্রেস সচিব (১৯৯৯-২০০১), বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ এএইচএম কামরুজ্জামানের জনসংযোগ অফিসারের দায়িত্ব পালন করেন।

স্বাধীনতাত্তোর সময়ে শরণার্থী প্রত্যাবাসনে নিযুক্ত অফিসার শহীদ মুনসুর আলী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনসংযোগ অফিসার হিসাবে দায়িত্বরত ছিলেন। পরবর্তী সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপুর্ণ পদে থেকে (১৯৭১-২০০১) দায়িত্ব পালন করেছেন। 

সর্বশেষ রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর প্রেস সচিব থাকাকালীন তিনি অবসর গ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধের ওপর বেশকিছু মুল্যবান ইতিহাসমূলক গ্রন্থ লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থঃ (১) ৭১ এর দশ মাস ১৯৯০,( ২) মার্ডার মেইহেম অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ ( ২০১০), (৩) ইন্টারন্যাশনাল রিলেশন্স অব বাংলাদেশ অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (৪) ছয় দফা থেকে বাংলাদেশ, (৫) বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রসঙ্গ দ্য জেনোসাইড অব বাংলাদেশ ২০১৬ (৬) দ্য ট্রান্সলেটেড বুকস রেপ অব বাংলাদেশ (৭) বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম ও মুক্তি যুদ্ধের প্রাসঙ্গিক দলিল ২০১২। এছাড়াও সনাতন ধর্মীয় বিষয়ে অনেক গ্রন্থ লিখেছেন তিনি।

রবীন্দ্রনাথ ত্রিবেদী মুজিব নগর সরকার গঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সংগঠক। মুজিবনগর অস্থায়ী সচিবালয়ে নিযুক্ত ছিলেন।

তিনি ১৯৪৪ সালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামের চিত্তরঞ্জন ত্রিবেদী ও মৃনালিনী ত্রিবেদী দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেছিলেন।

আরও পড়ুনঃ মাদকাসক্ত নেতা-কর্মীরা আমার সঙ্গে থাকতে পারবে না: এমপি নিক্সন চৌধুরী

শনিবার সকালে তার নিজ বাড়িতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/নূহু