মানিকগঞ্জের সিংগাইর উপজেলা দক্ষিণ জামশার হোসেন মন্ডলের শিশু ছেলে জুয়েল (৭) হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিচারক আল মাহমুদ ফায়জুল কবীরের আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে বলা হয়, নবাবগঞ্জ থানার দুধঘাটা গ্রামের কাশেম আলীর ছেলে রুবেল (১২) এবং সিংগাইর থানার দক্ষিণ জামশা গ্রামের দুলাল বেপারীর ছেলে আতোয়ার (১৩) গত ২০০৩ সালের ৬ ডিসেম্বর কালীগঙ্গা নদীর পাড়ে বাঁশঝাড়ে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তার গলায় থাকা সোনার চেইন ও হাতের আংটি খুলে নেয় পরে। এছাড়া মৃত্যু নিশ্চিত করতে তার গালে ও যৌনাঙ্গের অগ্রভাগে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। ওইদিন আসামিরা দক্ষিণ জামশার সালাম পীরের বাড়ি থেকে জুয়েলকে ঘুঘুর বাচ্চা দেয়ার কথা বলে নিয়ে যায়।
এ ব্যাপারে মামলা হলে ৬ ডিসেম্বর রাতেই আসামিদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন থানা পুলিশ। এতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দেয় আসামিরা। পরে ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ রায় প্রদান করেন বিচারক।
রায়ে ৩০২/৩৪ ধারায় বিজ্ঞ আদালত তাদের বয়স বিবেচনা করে ফাঁসির পরিবর্ততে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার ও আসামিপক্ষের আইনজীবী এ কে এম কায়সার।
