নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বড় ধরনের তুষার ধসের ঘটনায় ১৮ জনের প্রাণহানি হলেও আগামী সপ্তাহ থেকে আবারো এভারেস্টে আরোহণ শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার নেপালের এক সরকারি কর্মকর্তা এ কথা জানান।
নেপালের পর্যটন বিভাগের প্রধান তুলসি গৌতম এএফপিকে বলেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু এ পর্বত চূড়ায় আরোহণের ল্যাডারগুলো মেরামত করা হবে। এতে আরোহণ অব্যাহত থাকবে এবং অভিযাত্রা থেকে একজনেরও সরে আসার কোনো কারণ নেই।
গত শনিবার হিমালয় কন্যা নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ৮০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূকম্পনে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির অনেক এলাকা। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে; আহত হয়েছে হাজার হাজার মানুষ। ধসে পড়েছে দেশটির অর্থনীতি।
এরপর গত রবিবারও দেশটিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবারই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতেও ভূকম্পন অনুভূত হয়। এছাড়া চীন ও পাকিস্তানেও এই কম্পন অনুভূত হয়।
