নেপালে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর একটি ধসে যাওয়া ভবনের ধ্বংস্তুপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
কান্তিপুর নিউজের বরাত দিয়ে আইএএনএস জানিয়েছে, বৃহস্পতিবার নেপালের গোনগ্গাবু গ্রাম থেকে কৃষ্ণা দেবী খাদকা (২৪) নামের ঐ নারীকে উদ্ধার করা হয়। জানেশ্বা গেস্ট হাউজ থেকে নেপালের সেনাবাহিনী, নেপালের পুলিশ ও ইসরাইলের একটি যৌথ টিম তাকে উদ্ধার করে।
গেস্ট হাউজের ধসে যাওয়া ইট, পাথরের ভাঙা টুকরোর নিচে তিনি চাপা পড়েছিলেন।
শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ছয় হাজারেরও বেশি মানুষ নিহত ও ১২ হাজারের মতো মানুষ আহত হয়েছেন।
