অজ্ঞানপার্টির খপ্পরে ২ ব্যবসায়ীর ২ লাখ টাকা খোয়া

আপডেট : ০২ মে ২০১৫, ১৮:০১
 
 
 
 
 
 
রাজধানীর মিরপুর ও গুলিস্তানে অজ্ঞানপার্টির খপ্পরে পরে সর্বস্ব খুইয়েছেন দুই ব্যবসায়ী। তারা হলেন—শরিয়তপুরের কাপড় ব্যবসায়ী আব্দুল জব্বার (৪৫) ও মাদারীপুরের সাইকেল পার্টস ব্যবসায়ী মনির হোসেন (২৮)। অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে—আব্দুল জব্বার মাওয়া থেকে শনিবার দুপুরে বাস যোগে গুলিস্তান আসেন। ফের বাসযোগে মিরপুরে যাচ্ছিলেন। এ সময় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। দুর্বৃত্তরা তার প্যান্টের পকেট কেটে ১ লাখ ২০ হাজার টাকা ও মোবাইলসেট নিয়ে গেছে। অচেতন অবস্থায় বাসের সুপারভাইজর ও হেলপার তাকে বাস থেকে নামিয়ে মিরপুর চিড়িয়াখানার সামনে রাখেন। তার সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে আব্দুল জব্বারের ভাই আব্দুর রহমানকে খবর দেয়া হলে বেলা সোয়া ২টার দিকে তাকে উদ্ধার করে বিকালে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
 
আব্দুর রহমান জানান, তার ভাই আব্দুল জব্বার গ্রামে কাপড়ের ব্যবসা করেন। তিনি ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে কাপড় কিনতে ঢাকায় আসছিলেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুরের ইটাকোয়ায়।
 
এ দিকে, মনির হোসেন বংশালের সাইকেলের পার্টস কেনার জন্য ঢাকায় আসছিলেন। মাওয়া থেকে তিনি বাস যোগে ঢাকায় আসছিলেন। এ সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। বাসটি গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে এলে হেলপার তাকে অচেতন অবস্থায় বাসের সিটে পড়ে থাকতে দেখেন। পকেট থেকে বংশালের রাসেল সাইকেল স্টোরের কার্ড পেয়ে তাদের খবর দেন। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে বেলা পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
 
রাসেল সাইকেল স্টোরের মালিক জানান—মনির তার দোকান থেকে মালামাল ক্রয় করেন। শনিবার মালামাল ক্রয় করার জন্য ৭৫ হাজার টাকা নিয়ে ঢাকায় তাদের দোকানে আসার জন্য রওয়ানা হয়েছিলেন। সেই ৭৫ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
জানা গেছে—মনিরের বাবার নাম আব্দুল হাকিম সিকদার। গ্রামের বাড়ি মাদারীপুর শিবচরের পাঁচ্চর এলাকায়।