যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের সঙ্গে বৈঠককালে তার কাছে ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে ‘কারচুপি, সরকারের নির্যাতন, খুন-গুমের’ বিষয়গুলো তুলে ধরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওয়েন্ডি শারম্যান ঢাকা ত্যাগের আগে গত শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৪০ মিনিট স্থায়ী এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ছাড়াও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার সাবিহউদ্দিন আহমেদ ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত বিএনপি সূত্র জানায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকারের দমননীতি, ভোট কারচুপি, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত বিরোধী দলের প্রতিনিধিদের ওপর সরকারের নিপীড়ন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বরখাস্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারির আলোচনা হয়েছে। এই আলোচনায় দেশের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক পরিস্থিতি কোনো কিছুই বাদ যায়নি
