উখিয়া থানা পুলিশ লম্বাশিয়া ক্যাম্পে ব্যাপক অনুসন্ধান চালিয়ে দীর্ঘ ১০ দিনের মাথায় অপহৃত হাফেজ শফিকুল ইসলামের (২৫) মৃতদেহ ল্যাট্রিনের গর্ত থেকে উদ্ধার করেছে। তিনি লম্বাশিয়া দারুস সালাম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
গত ২১ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে গত ২৫ ফেব্রুয়ারি উখিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি কোরবান আলী (২৯), কেফায়েত উল্লাহ (২০), জয়নাব বেগম (২১) ও খালেদা বেগমসহ (২২) ৪ জনকে আটক করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ‘ধৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দুপুর ১ টার দিকে লম্বাশিয়া ক্যাম্পের আমবাগান এলাকায় পরিত্যক্ত ল্যাট্রিনের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুনঃ জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলিমুর রাজি জানান, ‘উদ্ধার করা রোহিঙ্গা শিক্ষকের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ওই শিক্ষককে কি কারণে অপহরণ ও হত্যা করা হয়েছে তা উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ইত্তেফাক/নূহু
