চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের দুই কর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রবিবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেলাল হোসেন ও শেখ কামাল। তারা বাংলাদেশ বিমানের অস্থায়ী পদে ‘ট্রাফিক হেলপার’ হিসেবে কর্মরত।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে দুবাই থেকে বিমানের একটি ফ্লাইটে করে শাহ আমানতে পৌঁছান বেলাল ও কামাল। তারা দুইটি সিগারেটের বাক্স হাতে বরিয়ে আসার সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাদের আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে সিগারেটের প্যাকেট থেকে চার কেজি ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।
