বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যে সাক্ষাত্কার নিচ্ছেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করণীয় নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তবে, রাজধানীর পল্টনে মনোনয়ন ফরম বিক্রির সময় বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়টি ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেন তিনি। পুলিশের তদন্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। তবে অহেতুক নিরাপদ কাউকে হয়রানি করা যাবে না। এছাড়া প্রার্থীদের আগাম প্রচারের সামগ্রী অপসারণে স্থানীয় সরকার বিভাগকে পত্র দিয়েছে ইসি। গতকাল সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।
নয়াপল্টনের সংঘর্ষে জড়িতদের
বিরুদ্ধে তদন্ত চলছে
১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মনোনয়ন ফরম বিক্রির সময় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষে ঘটনা ফৌজদারী অপরাধ। ঘটনাটির তদন্ত চলছে, এতে ইসির কোনো আপত্তি নাই।
প্রচার সামগ্রী না সরালে ব্যবস্থা
আগাম প্রচার কাজের অংশ হিসেবে পোস্টার ব্যানারসহ অন্যান্য প্রচার সামগ্রী সরিয়ে ফেলার সময় শেষ হয়েছে গত রবিবার মধ্যরাতে। এখন কারো প্রচার সামগ্রী পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টারে খালেদা জিয়ার ছবিতে বাধা নেই
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা হয়েছে। তাদের ছবি দলীয় প্রধান হিসেবে প্রার্থীরা পোস্টারে ব্যবহার করতে পারবেন কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ব্যবহার করতে চাইলে পারবেন। এটা রাজনৈতিক দলের দলীয় সিদ্ধান্ত। আইনে কোনো সমস্যা নেই।
