সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া মেলায় (বেলুন উড়ানোর) গ্যাস সিলিন্ডার ফেটে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় চারজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা বিনসাড়া গ্রামে কিংবদন্তী বেহুলা সুন্দরীর স্মৃতি বিজড়িত চান্দ্রের মেলার সূত্র ধরে প্রতি বছর বৈশাখ মাসের পুর্নিমার দিন থেকে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়।
সোমবার দুপুরে মেলায় বেলুনে গ্যাস ভরার সময় একটি সিলিন্ডার ফেটে যায়। এ সময় সিলিন্ডারের পাশে থাকা ১০-১২ শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়। আহতরা হলো, বিনসাড়া গ্রামের শুভ বাদ্যকর (৯), শাকিল (১৩), হৃদয় (১১), ফরিদুল (১৫), মাহমিন (১৪), কাজিপুর গ্রামের আবুল কাশেম (৫৫), তার ছেলে এনামুল (৯), কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের নয়ন (১২) ও তার মা লক্ষীসহ (২৬) ১৫ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শুভ, শাকিল, এনামূলকসহ ছয়জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
