ড. আলাউদ্দিন আল আজাদের আজ জন্মদিন

আপডেট : ০৬ মে ২০১৫, ০৩:১১

আজ ৬ মে ড. আলাউদ্দিন আল আজাদের ৮৩তম জন্মদিন। তিনি ১৯৩২ সালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। আলাউদ্দিন আল আজাদ ১৯৪৭ সালে নারায়ণপুর শরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯৪৯ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ, ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স ১ম শ্রেণিতে ১ম এবং ১৯৫৪ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএ পাস করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি লাভ করেন এবং ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের আরিগন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে সম্মানসূচক প্রশংসাপত্র লাভ করেন।

 

ড. আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার কর্মজীবন শুরু হয় ১৯৫৫ সালে তোলারাম কলেজের প্রভাষক হিসাবে। পরবর্তীকালে জগন্নাথ কলেজ এবং সিলেটের এমসি কলেজে বাংলা বিভাগের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। একুশের রক্তাক্ত ঘটনার পর তারই উদ্যোগে সর্বপ্রথম প্রকাশিত হয় বুলেটিন। আমাদের মহান মুক্তিযুদ্ধের সৈনিক তিনি। মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নিয়ে রচিত ‘ফেরারি ডায়েরি’ সমকালীন ইতিহাসের এক অবিস্মরণীয় দলিল ছিলেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি বাংলা একাডেমি, ইউনেস্কো ও একুশে পদকসহ দেশ-বিদেশের ২০টি সম্মাননা পদক লাভ করেন। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও এতিমখানায় খাবার পরিবেশন করা হবে।