যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে আবার ফেরি চলাচল শুরু হচ্ছে। দীর্ঘ পাঁচ দশক ধরে বন্ধ থাকার পর ফেরি চলাচলের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ১৯৬০ সালে কিউবার ওপর যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে দেশ দুটির মধ্যে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
১৯৬২ সালের অক্টোবর মাসে 'কিউবা মিসাইল সংকট' শুরু হলে দেশটিকে নিয়ে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ১৩ দিন ধরে চলা এই সংকটে পারমাণবিক যুদ্ধের খুব কাছাকাছি চলে আসে দেশ দু'টি।
তখন থেকে সম্পর্কে অচলাবস্থা চলে আসছিল দেশ দু'টির মধ্যে। গত বছর ডিসেম্বরে কিউবার সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেন ওবামা। তখন থেকেই সম্পর্ক স্বাভাবিক দ্বিপাক্ষিক উদ্যোগ নিতে শুরু করে দেশ দুটি। তবে ঘোষণা অনুযায়ী ফেরি চলাচল শুরু হলে তা হবে দেশ দুটির মধ্যে সম্পর্কে দৃশ্যমান অগ্রগতি।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানিকে ফেরি চালানোর ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানা গেছে। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে খুব শিগগিরই ফেরি চলাচল শুরু হচ্ছে না দেশ দুটির মধ্যে। আশা করা হচ্ছে সব বাধা কাটিয়ে উঠে আগামী সেপ্টেম্বরের মধ্যে ফেরি চলাচল শুরু হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ উপকূল থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরে দ্বীপরাষ্ট্র কিউবার অবস্থান। সূত্র: বিবিসি
