ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৬ মে ২০১৫, ২০:০৮
অবৈধ অনুপ্রবেশের দায়ে রাজশাহীর পবা সীমান্ত থেকে ভারতীয় নাগরিক ওবায়দুল শেখকে (১৮) আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে পবার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম গহমাবোনা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক ওবায়দুল ভারতের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার চর গোপালপুর গ্রামের মৃত জাকির শেখের ছেলে।
 
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুর দেড়টার দিকে গহমাবোনা সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ওবায়দুলকে  ধাওয়া করে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হচ্ছে।