ডেমরায় মা-মেয়েকে অচেতন করে বাড়ি লুট

আপডেট : ০৬ মে ২০১৫, ২০:১৬
রাজধানীর ডেমরায় বুধবার একটি বাড়িতে মা ও মেয়েকে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।
 
ডেমরার পাইকি এলাকার একটি বাসায় ভাড়া নেয়ার অভিনয় করে ভিতরে ঢুকে তরমুজ ও বেলের শরবত খাইয়ে মা ও মেয়েকে অচেতন করে নগদ দুইলাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
 
অচেতন অবস্থায় আলেয়া (৪০) ও ইভা (১৬) দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
 
ঐ বাড়ির প্রতিবেশী শফিকুর জানান, আলেয়ার স্বামী জাহিদ উদ্দিন সৌদি প্রবাসী। তাদের বাসার একটি ফ্ল্যাট ভাড়া নেয়ার জন্য দুই পুরুষ ও এক নারী বাসায় এসে কথা বলতে বলতে এক সময় সঙ্গে থাকা তরমুজ ও বেল শরবত খাওয়ার ইচ্ছা পোষণ করে। ঐ শরবত খেয়ে মা-মেয়ে দুজনেই অচেতন হয়ে পড়ে। পরে তারা বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।