ইয়েমেনে ৫ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব সৌদি আরবের

আপডেট : ০৭ মে ২০১৫, ২২:১১
 
সৌদি আরব যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শর্ত সাপেক্ষে পাঁচ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে। যুদ্ধ পীড়িত জনগণের কাছে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য এই যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে দেশটি। তবে এর জন্য হুতি বিদ্রোহীদের যুদ্ধ বন্ধ করতে হবে এমন শর্ত দিয়েছে দেশটি।
 
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ও জন কেরি বৃহস্পতিবারের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আদেল আল-জুবায়ের বলেন, যুদ্ধ বিরতি হলে তা সর্বাত্মক হতে হবে অন্যথায় কোন যুদ্ধ বিরতিই হবে না। ইয়েমেনের বন্দর নগরী এডেনে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের এক দিন পরই এই প্রস্তাব দেয়া হল। এডেনে বুধবারের যুদ্ধে অন্তত ১২০ জন নিহত হন।
 
কেরি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্র সৌদি আরব কেউই এই মুহূর্তে দেশটিতে স্থল সেনা পাঠানোর চিন্তা করছে না। জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের দূত দেশটিতে স্থল সেনা পাঠানোর আহ্বান জানানোর পর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই বক্তব্য পাওয়া গেল।
 
হুতি বিদ্রোহী নেতারা এই যুদ্ধ বিরতীর প্রস্তাবে ইতিবাচক কথা জানিয়েছে বলে বিদ্রোহী নেতাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরণের কোন যুদ্ধ বিরতি কার্যকর হলে তার মানে এই না যে দখল করা এলাকা তারা ছেড়ে দেবে।