কুমিল্লায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ০৮ মে ২০১৫, ২০:৩৬
কুমিল্লায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের কারুকার্য খচিত ১৮ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর এলাকার ধনঞ্জয় বীরের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন পুকুর পুনঃখননকালে গত বুধবার শ্রমিকরা ওই মূর্তিটির সন্ধান পায়। পরে বিষয়টি স্থানীয় মোহনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান হাজী মো. সহিদুল ইসলামকে জানালে তিনি মূর্তিটি ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতা ধনঞ্জয় বীরকে দিয়ে দেন। ধনঞ্জয় বীর মূর্তিটি নিয়ে তাদের পারিবারিক মন্দিরে রেখে দেন। এ নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান ভূঁইয়া বিষয়টি দেবিদ্বার থানা পুলিশে জানায়।
 
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকালে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাচীন এ মূর্তিটি অত্যন্ত দূর্লভ। মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।