নাটোর শহরের রেল স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে অপহরণ হওয়া স্কুল শিক্ষক ও ব্যবসায়ীকে উপজেলার আগদিঘা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই নারীসহ চার অপহরণকারীকে আটক করা হয়। শনিবার ভোরে সদর উপজেলার আগদিঘা গ্রাম থেকে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেলে লালপুর উপজেলার আব্দুলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও একই এলাকার ব্যবসায়ী আব্দুল খালেক লালপুর থেকে নাটোর রেল স্টেশন বাজারে আসেন। এ সময় তারা স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। কিছুক্ষণ পর এক নারী তাদের কাছে এগিয়ে গিয়ে জরুরি কথা আছে বলে একটি অটোরিকশায় ডেকে নেয়। পরে তাদের সদর উপজেলার আগদিঘা গ্রামের রিনা বেগম নামে একজনের বাড়ীতে নিয়ে গিয়ে আটকে রাখে এবং মোবাইল ফোনে তাদের পরিবারের লোকজনের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি সদর থানায় জানালে পুলিশ শনিবার ভোরে সদর উপজেলার আগদিঘা গ্রামের রিনা বেগমের বাড়ীতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ী থেকে অপহৃতদের উদ্ধার ও দুই নারীসহ চার অপহরণকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আগদিঘা গ্রামের রুমন ইসলাম, আলম হোসেন, রিনা বেগম ও আলো বেগম। পরে তাদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
