নোবেল জয়ী কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজের বিখ্যাত উপন্যাস ‘হানড্রেড ইয়ার্স অব সলিটিউড’এর প্রথম সংস্করণের চুরি হওয়া কপিটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার এই কপিটি উদ্ধার করা হয়। এতে লেখকের স্বাক্ষর ছিল বলে কর্মকর্তারা জানান।
গত সপ্তাহে বোগোটার আন্তর্জাতিক বইমেলার একটি তালাবদ্ধ আধার থেকে বইটি চুরি হয়ে যায়।
কলম্বিয়ার জাতীয় পুলিশের পরিচালক রোডোলফো পালোমিনো বলেন, বোগোটোর কেন্দ্রস্থলের এমন একটি এলাকায় বইটি পাওয়া গেছে যেখানে শিল্পসাহিত্য সামগ্রী সচরাচর বিক্রি হয়।
IMG0
তিনি জানান, অনেক খোঁজাখুঁজির পর পুলিশ একটি পরিত্যক্ত জায়গা থেকে বইটি উদ্ধার করে। তাদের ধারণা, চোরেরা পালিয়ে যাওয়ার সময়ে এটি ফেলে যায়।
আর্জেন্টিাইন পাবলিশিং হাউজ ১৯৬৭ সালে বইটির আট হাজার কপি প্রিন্ট করে। চুরি যাওয়া কপিটি তার একটি। এটির মালিক আলভারো ক্যাসটিলো। তিনি প্রথম সংস্করণের এ কপি মার্কুয়েজের কাছ থেকে সংগ্রহ করেন। মার্কুয়েজ স্বাক্ষর করে তাকে বইটি দেন। আলভারো বইটি পরে কলম্বিয়ার ন্যাশনাল লাইব্রেরিকে দান করেন।
যাদু বাস্তবতার স্রষ্টা হিসেবে খ্যাত মার্কুয়েজ গত বছরের এপ্রিলে ৮৭ বছর বয়সে মেক্সিকোয় মারা যান।
