ঢাকা দক্ষিণ সিটির ৩ ওয়ার্ডের ৩ কেন্দ্রে আজ পুনঃভোট

আপডেট : ১১ মে ২০১৫, ০৩:৩৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থগিত তিনটি ওয়ার্ডের তিনটি কেন্দ্রে পুনঃভোট আজ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন (ইসি) স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যাক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করেছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

 

গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী সহিংসতার কারণে দক্ষিণের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছিল কমিশন। কেন্দ্রগুলো হচ্ছে— দক্ষিণের ৮ নং ওয়ার্ডের ১৫১ নং কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (দক্ষিণ কমলাপুর মূল ভবন, কেন্দ্র-১), ৩৪ নং ওয়ার্ডের ৫৬৫ সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩ নং ওয়ার্ডের ৮০৭ জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (শ্যামপুর, ঢাকা ২য় তলা রুম নং ২০১-২০৫ এবং মহিলা ভোটার-১, কেন্দ্র-৩)।