ডর্টমুন্ডে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে জার্মানি

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:২৪

চলতি বছরের অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার বিপক্ষে এই দ্বৈরথের ভেন্যুও ঘোষণা করেছে তারা। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে হবে এই ম্যাচটি। 

জার্মান ফুটবলের সভাপতি রেইনার্ড গ্রিন্ডেল জানান কঠিন পরিস্থিতিতে দলের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এমন ম্যাচের আয়োজন করবে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তিনি বলেন, ‘দলের উন্নতির কথা মাথায় রেখে বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের স্পষ্ট ইচ্ছা ছিল কর্তাব্যক্তিদের। আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল এবং সিগন্যাল ইদুনা পার্কের পরিবেশকে এই ম্যাচের জন্য যথার্থ বলে মনে হয়েছে আমাদের।’

শেষবার এই জার্মানির মাটিতেই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১৪ সালে ডুইসেলডর্ফের সেই ম্যাচটিতে অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলে স্বাগতিকদের ৪-২ ব্যবধানে হারিয়েছিল লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা।

২০১৮ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতিতে যাওয়া মেসি এখনো জাতীয় দলের হয়ে ফেরেননি। এরই মাঝে আগামী জুনে কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নামবে। এদিকে জার্মানি এই মাসের শেষদিকে ২০২০ ইউরো নিশ্চিত করার লড়াই শুরু করবে। প্রথম ম্যাচে আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে কোচ জোয়াকিম লো’র শিষ্যরা। ‘সি’ গ্রুপে তাদের অন্য প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে বেলারুশ, এস্তোনিয়া ও উত্তর আয়ারল্যান্ড।