বিজয়নগরে দেয়াল-রাস্তা ধস, আতঙ্ক

আপডেট : ১২ মে ২০১৫, ০০:১৬
রাজধানীর বিজয়নগরে একটি নির্মাণধীন ভবনের দেয়াল ও রাস্তার একাংশ ধসে পড়েছে। এতে ওই এলাকার গ্যাস সরবরাহের পাইপে ফাটল দেখা দিলেও দ্রুত মেরামত করায় আপাতত বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
 
তবে রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটল দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বাড়ির বাসিন্দারা।
 
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীতে আধা ঘণ্টার বেশি সময় ভারি বৃষ্টি হয়। এরপর স্কাউট মার্কেটের পাশে পুরানা পল্টন লেনের ৭১ নম্বর হোল্ডিংয়ের সামনের রাস্তার পাশের সীমানা প্রাচীর ও ২৫ ফুট চওড়া রাস্তার এক পাশ ধসে পড়ে। রাস্তার বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দেয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান।
 
তিনি বলেন, দেয়াল ও রাস্তা ধসে যাওয়ায় ওই সড়কের নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপ ফেটে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা দ্রুত এসে পাইপ মেরামত করেন।
IMG0
পাইলিংয়ের জন্য রাস্তা ঘেঁষে লোহার পাত দিয়ে ঘিরে পুরো জায়গাটি ঘিরে রাখা হলেও বৃষ্টির পানির তোড়ে মাটি সরে যাওয়ায় গর্তের পাশে রাস্তা ও সীমানা প্রাচীর ধসে পড়ে বলে স্থানীয়দের ধারণা।
 
ওসি মোরশেদ আলম বলেন, এলাকার বাসিন্দাদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে।