চার্জশিটের বিরুদ্ধে নিহত নজরুলের স্ত্রীর নারাজি

আপডেট : ১২ মে ২০১৫, ০০:৪১

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দায়ের করা চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিয়েছে এক মামলার বাদী। সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এই নারাজি জানান। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে এই নারাজি জানানো হয়। আদালত আগামী ৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। সেদিন চার্জশিটের ব্যাপারে আদেশ দেয়া হবে।

 
নজরুল ইসলামসহ ৫ জনকে অপহরণ শেষে হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়। অন্যদিকে   অ্যাডভোকেট চন্দন সরকার ও গাড়ি চালক ইব্রাহিমকে অপহরণ এবং হত্যা মামলার বাদী ছিলেন চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। এ মামলায় আসামি অজ্ঞাত করা হয়েছিল। তবে চার্জশিটের ব্যাপারে কোন ধরনের আপত্তি নেই চন্দন সরকার পরিবারের।
 
গত ৮ এপ্রিল আদালতে দায়ের করা চার্জশিটে নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ৩৫জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে বিউটির মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে। অভিযুক্তদের মধ্যে নূর হোসেন ভারতে গ্রেপ্তার হলেও তাকে পলাতক দেখানো হয়েছে।
 
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিউটির মামলার আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, ত্রুটিপূর্ণ চার্জশিট ও এজাহারভুক্ত ৫ আসামিকে অব্যাহতি দেয়ায় নারাজি দেয়া হয়েছে।
 

এদিকে, গতকাল শুনানিতে অভিযুক্ত ৩৫ আসামির মধ্যে ৩০ জনকে আদালতে হাজির করা হয়েছিল। চার্জশিটের বিরুদ্ধে আদালতপাড়ায় বিউটির সমর্থকেরা মানববন্ধন করে। আসামিদের নিয়ে যাওয়ার সময়ে গাড়ি লক্ষ্য করে জুতাও নিক্ষেপ করে।