কবি সুকান্তের ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৩ মে ২০১৫, ০১:৩৮
আজ ১৩ মে কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৮ তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের এই দিনে তিনি কলকাতার যাদবপুরের একটি ক্লিনিকে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মারা যান।
 
ভারতে জন্মগ্রহণ করলেও কবির পিতৃপুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। সুকান্তের পিতা নিবারণ ভট্টাচার্য কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের ব্যবসা করতেন। দীর্ঘদিন কবির পরিবার কলকাতায় অবস্থান করার কারণে তার পূর্ব পুরুষের ভিটাটি বেদখল হয়ে যায়। দীর্ঘ ৫৯ বছর বেদখল থাকার পরে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর কবির বাড়ি দখল মুক্ত হয়।
 
১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্টাচার্য কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার মা’র নাম সুনীতি দেবী।
 

ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- সুকান্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।