দক্ষিণ আফ্রিকার মাছেমা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ওমর ফারুক স্বপন (৪৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। ওমর ফারুক নোয়াখালীর সেনবাগ পৌর সভার চার নম্বর ওয়ার্ডের কাদরা এলাকার মৃত ছানু মিয়ার ছেলে।
ওমর ফারুকের ছোট ভাই মো. আরেফিন জানান, রাতে দিকে সাত-আট জনের একদল সন্ত্রাসী মাছেমা এলাকায় ওমর ফারুকের দোকানে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনার পর সন্ত্রাসীরা তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে মূল্যবান সব মালামাল নিয়ে যায়। পরে একই এলাকায় বসবাসকারী অন্য বাংলাদেশিরা বাংলাদেশ সময় রাত দুইটার দিকে বাড়িতে ফোন করে ঘটনাটি জানান।
আরেফিন আরো জানান, ২০১২ সালে ওমার ফারুক জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
