রাজধানীর সদরঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আড়াই লাখ টাকা খুইয়েছেন দুই ভাইসহ তিন ব্যবসায়ী। অচেতন অবস্থায় বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাদের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা হলেন—এরশাদ হাওলাদার (৫৫), তার ভাই মহিউদ্দিন হাওলাদার (৪৫) ও মো. রিপন (৩০)।
এরশাদের বড় ভাই শাহাবুদ্দিন জানান—কাওরানবাজারে স্বদেশ ফার্ম নামে একটি ফলের আড়ত আছে তাদের। সকাল ১০টার দিকে অন্যান্য ফলের মালিকদে কাছ থেকে পাওনা টাকা নিয়ে মিরপুর থেকে দুই ভাই দোকানে ফিরছিলেন। এ সময় তাদের সঙ্গে প্রায় আড়াই লাখ টাকা ছিল। পরে বাসের অন্য যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনে খবর পেয়ে অচেতন অবস্থায় তাদের সদরঘাট থেকে উদ্ধার করা হয়।
এ দিকে, মো. রিপন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান—সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।
