বাগেরহাটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত

আপডেট : ১৫ মে ২০১৫, ১৪:০৮


বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মূখোমূখি সংঘর্ষে মাইক্রোবাস চালক তায়েবুর রহমান মোড়ল (৩০) নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত তায়েবুর বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের আরসাব আলী মোড়লের ছেলে।


বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী জানান, শুক্রবার সকালে মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক লখপুর এলাকায় পৌঁছলে তার সামনের চাকা বাস্ট হয়ে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের ওপর উঠে যায়। এতে ওই মাইক্রোবাসে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।