হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণীয় করে রাখতে এই প্রথম পাবনা জেলার ঈশ্বরদীতে তাঁর প্রতিকৃতি ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু” প্রতিষ্ঠা করা হলো।
শুক্রবার সকালে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ঈশ্বরদীর প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে নব-নির্মিত এবং পাবনা জেলায় এই প্রথম স্থাপিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ম্যুরাল ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এর আনুষ্ঠানিক উন্মোচন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি।
বঙ্গবন্ধুর প্রমাণ আকারের ম্যুরাল ১৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থ বেজমেন্টের উপর চারটি স্তম্ভে দাঁড়িয়ে আছে। চার স্তম্ভ রাষ্ট্রীয় চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও ও বাঙালি জাতীয়তাবাদ এবং জাতীয় চার নেতার বলিষ্ঠ নেতৃত্ব ও অবদানকে স্মরণ করা হয়েছে। স্থাপিত এই ম্যুরালের পিছনে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে উদিত হওয়া স্বাধীনতার সূর্যের ১৬টি রশ্মি রয়েছে। যা আমাদের ১৬ই ডিসেম্বরের মহান বিজয়ের দিনটিকে গৌরবের সাথে সামনে হাজির করবে। বেজমেন্টের উপরে ৭টি ধাপের সিঁড়ি রয়েছে। যা সাত মার্চের ঐতিহাসিক ভাষণ এবং সাতজন বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধার সাথে স্মরণ করিয়ে দেবে। আর তার উপরে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু।
‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’র ম্যুরালের উন্মোচনের পর প্রতিষ্ঠানের স্কুল মাঠে ‘কৃষি ও পল্লী উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমান। স্বগত বক্তব্য রাখেন, বিজ্ঞানী সমিতির মহাসচিব হাসিবুর রহমান।
বিজ্ঞানী ড. সমজিত পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া । এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মতিন, আলাউদ্দিন আহম্মেদ, নাগরিক মঞ্চের স্বপন কুমার কুন্ডু, কৃষিবিদ ড. কুয়াশা মাহমুদ, আসাদুল হক, মোহাম্মদ আলী, কৃষক মুরাদ মালিথা প্রমুখ।
