জাবির গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সভাপতির পদত্যাগ দাবি

আপডেট : ১৬ মে ২০১৫, ১২:২৩


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যাম ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আমিনা ইসলামের প্রতি অনাস্থা  জানিয়ে পদত্যাগ দাবিতে ভিসি বরাবর আবেদন করেছে বিভাগীয় অপর তিনজন শিক্ষক।

শনিবার  গণমাধ্যামে প্রেরিত এক বার্তায় বিভাগীয় তিন জন শিক্ষক উজ্জ্বল কুমার মন্ডল, শেখ আদনান ফাহাদ, রাকিব আহমেদ স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, বিভাগের স্বেচ্চাচারিতা, কর্মচারী দিয়ে শিক্ষকদের অপমান করানো, প্রভুসুলভ আচরণ, দুর্নীতি ও অনিয়ম, দায়িত্বজ্ঞানহীন আচরণ, শিক্ষার্থী ও শিক্ষকদের বহিস্কারের হুমকিসহ বেশ কিছু কর্মকাণ্ডের জন্য বিভাগের অন্য শিক্ষকেরা তার প্রতি অনাস্থা ও তার পদত্যাগ দাবি করেছে। এ দাবি পালন না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষাসহ বিভাগের শিক্ষাকার্যক্রম থেকে বিরত থাকবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে আগামী তিন কর্মদিবসের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বিভাগীয় শিক্ষক উজ্জল কুমার মন্ডল জানান, ভিসি বরাবর আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত আমরা বিভাগীয় কোন কাজে অংশ নিব না।

বিভাগীয় সভাপতি আমিনা ইসলাম বলেন, পদত্যাগের বিষয়ে আমি কিছু জানিনা। আমাকে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য ২০১১ সালে স্থাপিত এ বিভাগে বর্তমানে চারজন শিক্ষক রয়েছে।