লক্ষ্মীপুরে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার ভোরে সদর উপজেলার উত্তর জয়পুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার জয়পুর ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের ছৈয়াল বাড়ীর মুক্তিযোদ্ধা মজিবুল হকের ছেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত তিনটার দিকে ঘর থেকে বের হয়। এ সময় ঘরের দরজা ছিল খোলা। এ সুযোগে অজ্ঞাত ‘চোর’ ঘরের ভেতরে ঢুকে একটি মোবাইল ও একটি সার্জ লাইট নিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে ধরে চিত্কার দেয় মজিবুল হক ও তার ছেলে। শোর-চিত্কার শুনে স্থানীয়রা এসে তাকে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সকালে মজিবুল হক লাশটি সিএনজি অটোরিকসায় করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে এনে সিএনজিতে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ হাসপাতাল গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ও চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির।
হুমায়ুন কবির জানান, চোরসন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
