নেপালে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত: ৮ লাশ উদ্ধার

আপডেট : ১৬ মে ২০১৫, ১৮:২৬


নেপালের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আটজনের লাশ উদ্ধার করেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ সরবরাহকালে এটি বিধ্বস্ত হয়। ফলে এতে থাকা আট আরোহীর সকলেই নিহত হয়।

নেপালে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানার দিনে ত্রাণ সরবরাহকালে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এ সময় ইউএইচ-১ ওয়াই হুয়ে নামে ওই মার্কিন হেলিকপ্টারটিতে করে যুক্তরাষ্ট্রের ছয় মেরিন এবং নেপালের দুসেনাকে বহন করা হচ্ছিল।

মেজর জেনারেল বিনোজ বাসনিয়াত টেলিফোনে এএফপিকে বলেন, সকালে দুর্ঘটনাস্থল থেকে নেপালি ও মার্কিন সৈন্যদের আটটি লাশের সবকটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নেপালে ২৫ এপ্রিল আঘাত হানা ভূমিকম্পে প্রায় সাড়ে আট হাজার লোকের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এতে পাঁচ লাখেরও বেশি ঘরবাড়ি ধসে পড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ৮।