রাজধানীর মগবাজারে পৃথক ঘটনায় পুলিশের হাতে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ আলী নামে এক কনস্টেবলকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সমকালের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিত্ সরকার অফিসে আসার পথে। মগবাজার মোড়ে তুচ্ছ ঘটনার জের ধরে কনস্টেবল মোহাম্মদ আলী রিকশা থেকে ইন্দ্রজিত্ সরকারকে টেনে নামিয়ে পুলিশের গাড়িতে ওঠানোর চেষ্টা করে। ইন্দ্রজিত্ তার পত্রিকার পরিচয়পত্রটি দেখালে, সেটিও ঐ কনস্টেবল ছুঁড়ে মারে। বিষয়টি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করা হলে তাত্ক্ষণিক ঐ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়। এর আগে সকালে মগবাজার মোড়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর সঙ্গে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্যের বাক বিতণ্ডা হয়।
গোয়েন্দা পুলিশের মাইক্রোবাস ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে জোরে হর্ন বাজিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার প্রতিবাদ করলে এই বাক বিতণ্ডার ঘটনা ঘটে। দুপুরে একই স্থানে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত কায়ছারকে সার্জেন্ট সামছুজ্জামান লাঞ্ছিত করেন। সার্জেন্ট সামছুজ্জামান এক পর্যায়ে ঐ সাংবাদিকের মোটরসাইকেলের চাবি কেড়ে নেন। তার মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলেও তিনি ঐ চাবি দিতে অস্বীকার করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়।
