বাহারি কামিজ

আপডেট : ১৯ মে ২০১৫, ১৭:১১


গরমের এই সময়ে মেয়েরা সাধারণত সুতি কাপড় পরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে এখন লিনেন কাপড়ের চলটাও অনেক বেশি। তাই গরমের উপযোগী বাহারি কামিজ নিয়ে এবারের আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী

জ্যৈষ্ঠের এই গরমে চাই আরামদায়ক পোশাক। এ ব্যাপারে মেয়েদের পছন্দ সুতি কাপড়ের পোশাক—সেটা সালোয়ার-কামিজ, কুর্তি বা ফতুয়া যা-ই হোক না কেন। আর পোশাকটা যদি কামিজ হয় তাহলে এর সঙ্গে মানানসই রং ও ডিজাইনের সালোয়ার ও ওড়না। এসময় সুতির পাশাপাশি এন্ডি কটন, তাঁত, হাফ সিল্ক, সিল্ক, মসলিনটাও চলছে বেশ। তবে রেগুলার ডিজাইনের পোশাকেই সবার আগ্রহ বেশি দেখা যাচ্ছে। প্রচণ্ড গরমের কারণে আরামদায়ক কুর্তা ও ফতুয়ার প্রতিও ঝুঁকছে তরুণীরা। জিন্সের সঙ্গে মানানসই এই পোশাকগুলো হতে পারে বিকেলের জন্য আদর্শ।

গরমের সময় কোনোরকম সংকেত ছাড়াই হানা দিতে পারে হঠাত্ বৃষ্টি। তাই এ সময়ের পোশাক ডিজাইনে এ ধরনের বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। আরামদায়ক পোশাক হিসেবে সুতি কাপড় এখন অনেক জনপ্রিয়। সুতির সব কামিজে থাকছে ব্লক, কারচুপি, অ্যাপ্লিক, ভরাট অ্যাপ্লিক ও এমব্রয়ডারির কাজ। লম্বা কাটিংয়ের কামিজের জায়গায় এখন চলছে মাঝারি কাটিংয়ের কামিজগুলো।

ফ্যাশনের পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রতিটি ফ্যাশন হাউসই কামিজের কাটিং প্যাটার্নে পরিবর্তন আনার চেষ্টা করছে। আর এই পরিবর্তনের ব্যাপকতা চোখে পড়ার মতো। কামিজের কাটিং, কলার, লে-আউট, ছাপা, ব্লক, বুটিক, বাটিক, লেস ও চুমকির ব্যবহারসহ প্রায় সবকিছুতে ইদানীং ভিন্নতা দেখা যাচ্ছে। আজকের তরুণীরা ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি এই নতুন ধারার ফ্যাশনের সঙ্গে সহজেই নিজেকে মানিয়ে নিচ্ছেন। সাধ আর সাধ্যের সমন্বয়েই তৈরি হচ্ছে এই পোশাকগুলো।

বারনীর স্বত্বাধিকারী ফৌজিয়া ইয়াসমীন নীপা বলেন, ‘গরমের মধ্যে মেয়েরা সাধারণত সুতি কাপড় পরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে এখন লিনেন কাপড়ের চলটাও অনেক বেশি। তাই গরমের জন্য বারনী সুতি ও লিনেন কাপড়ের পোশাক তৈরি করেছে। বিভিন্ন প্যাটার্নের এসব পোশাকে ব্লক, এমব্রয়ডারি ও হালকা কাজ করা হয়েছে। এসব পোশাকের মধ্যে আছে কুর্তি, সালোয়ার-কামিজ প্রভৃতি।

তবে দামের ক্ষেত্রে আমরা ক্রেতার ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে দাম নির্ধারণ করে থাকি। সামনে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। এসময় দেখা যায় সব বয়সী মানুষ নতুন পোশাক কিনে থাকে। এবারের ঈদে বারনীতে থাকছে নতুন ডিজাইনের বেশকিছু পোশাক। এবারের ঈদ গরমের মধ্যেই হবে। তাই রং ও কাপড়ের ক্ষেত্রে আমরা হালকা রং ও সুতি কাপড়কেই প্রাধান্য দিচ্ছি।’

রাজধানীর ছোট-বড় সব শপিংমলেই রয়েছে নানা ডিজাইন ও রঙের গরমে উপযোগী সালোয়ার-কামিজের সমাহার। তাই যেকোনো মার্কেটে গেলেই পাবেন আপনার পছন্দের সালোয়ার-কামিজ। তবে আনস্টিচ সালোয়ার-কামিজ ও তৈরি পোশাকের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ঢাকার গাউছিয়া, নিউমার্কেট, চাঁদনী চক, ইসলামপুর, বনানী বাজার ও মিরপুর। সব ধরনের কাপড় ও ডিজাইনের পোশাক মিলবে এই জায়গায়। যাদের আগ্রহ ও পছন্দ দেশি ফ্যাশন হাউসগুলোর পোশাকের প্রতি, তারা ঘুরে আসতে পারেন আড়ং, অঞ্জন’স, রঙ, স্টুডিও এমদাদ, নগরদোলা, সাদাকালো, অন্যমেলা, কে-ক্র্যাফট, বাংলার মেলা, প্রবর্তনা, বিবিয়ানা, দেশালের শোরুমগুলোয়।