ইয়েমেনে গত মার্চের শেষ দিক থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত এক হাজার ৮৫০ জন নিহত এবং পাঁচ লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
ইয়েমেনের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার সংস্থা বলেছে, ১৫ মে পর্যন্ত ১৮শ’ ৪৯ জন নিহত এবং ৭ হাজার ৩শ’ ৯৪ জন আহত হয়েছে।
জাতিসংঘ বলেছে, হতাহতদের সবার পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগে নেই। অনেক লাশই হাসপাতালে নিয়ে আসা হয় না। ফলে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে জোর দিয়ে বলা হয়েছে ওই রিপোর্টটিতে।
এদিকে পাঁচ দিন মানবিক যুদ্ধবিরতির পর সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে আবার বিমান হামলা শুরু হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট গত মার্চের পর থেকে নির্বাসিত ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদিকে ক্ষমতায় বসাতে বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করে। সূত্র: এএফপি
