মুন্সীগঞ্জ শহরে উচ্ছৃঙ্খল ১১ সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়ে পত্র দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। গত ১৭ মে এই পত্রটি ইস্যু করা হয়। তবে মঙ্গলবার এটি মুন্সীগঞ্জ পৌঁছার বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মুন্সীগঞ্জ পুলিশ সুপারকে দেয়া পত্রটি পৌঁছানোর পর পুলিশ ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে বলা হয়েছে।
প্রেস কাউন্সিলের পত্রে উল্লেখ করা হয়েছে- গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে কতিপয় সাংবাদিক আকস্মিকভাবে অনুপ্রবেশ করে সরকারি গুরুত্বপূর্ণ কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে প্রতীয়মান হয়, যা দণ্ডবিধির আওতায় একটি আমলযোগ্য অপরাধ বিধায় ঘটনার তদন্ত প্রয়োজন। পত্রে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এদিকে নিয়মিত প্রকাশ না করায় মুন্সীগঞ্জের আটটি পত্রিকার প্রকাশনার অনুমতি (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন।
