খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় সন্ত্রাসীরা এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার উপজেলার মরাচেঙ্গী নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে। নিহত অংশিলা মারমা (২৭) লক্ষ্মীছড়ি ইউনিয়নের শিলাছড়ি গ্রামের মৃত মংথুইচাই মারমার পুত্র। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
অংশিলা মারমাকে হত্যার প্রতিবাদে দুপুরে লক্ষ্মীছড়ি সদরে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় জনতা।
স্থানীয় বাসিন্দারা জানান, অংশিলা প্রতিদিনের মতো শুক্রবার সকাল নয়টার দিকে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। তিনি এক নারী যাত্রী নিয়ে লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সড়ক দিয়ে যাওয়ার পথে তংতল্যা পাড়া নামক স্থানে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তার মোটরসাইকেলটির গতিরোধ করে। সন্ত্রাসীরা ওই যাত্রীকে তাড়িয়ে দিয়ে অংশিলাকে রাস্তার পাশের জঙ্গলের ভিতরে ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদরে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
