টঙ্গীর আউচপাড়ার স্কুইব রোড এলাকায় গত বৃহস্পতিবার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মোমিন (২৭) নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন। এদিন দুপুরে সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হলে রাতে ঢামেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, টঙ্গী থানা পুলিশের সোর্স মোমিন দীর্ঘদিন যাবত্ উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের কাজে পুলিশকে সহায়তা করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে এলাকার স্কুইব রোডে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তাকে আটক করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে থানার এসআই সুমন ভক্ত তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের চিকিত্সক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু রাত ৮টার দিকে পথেই তিনি মারা যান। এ ঘটনায় ৩ জনের নামে ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
