শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নেই নির্মাণ করা হবে। পদ্মা সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের উন্নয়ন হবে। তখন এ দেশকে কেউ গরিব দেশ বলতে পারবে না। গতকাল শুক্রবার কাঠালিয়া পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দক্ষিণাঞ্চলে বিশ্ববিদ্যালয় দিয়েছে, কুয়াকাটার উন্নয়নসহ অনেক উন্নয়ন করেছে। তাই দক্ষিণাঞ্চলের মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা উচিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব বজলুর হক হারুন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো. শাহ আলম। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুলাহ পনির। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান উজির সিকদার। সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি তাত্ক্ষণিক ঘোষণা না করলেও উপজেলা জাতীয় শ্রমিক লীগের মোঃ মিজানুর রহমান সোহাগকে সভাপতি ও আব্দুস সালাম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
