উত্তরায় চোর সন্দেহে তরুণীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ মে ২০১৫, ০৭:৫৬

রাজধানীর উত্তরায় মোবাইল ফোন চুরির অভিযোগে পারভীন আক্তার (৩০) নামে এক তরুণীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উত্তরার আদম আলী মার্কেট সংলগ্ন রেলওয়ে বস্তিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ঢাকা রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, আদম আলী মার্কেট সংলগ্ন বস্তিতে পাঁচ বছরের ছেলেকে নিয়ে থাকতেন স্বামী পরিত্যক্তা পারভীন। গতকাল ওই বস্তির বাসিন্দা নাসিরের মোবাইল ফোন চুরি হয়। এ জন্য সবাই পারভীনকে সন্দেহ করেন। বিকেলে তাকে আটক করে বেধড়ক পেটানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিত্সক। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে রাত ১২টার দিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ও আলো নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।