দৌলতপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৩ মে ২০১৫, ১১:৫২


কুষ্টিয়ার দৌলতপুরে সাইদ হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হোসেনাবাদ এলাকায় হিসনা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সে পাশ্ববর্তী আকিজ বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, হিসনা নদী দখল নিয়ে সিদ্দিকুরের সাথে একই এলাকার কামাল, শফিকুল ও ফেরদৌস গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে শুক্রবার রাত ৯ টার দিকে সিদ্দিকুরের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে সাইদকে প্রতিপক্ষের লোকজন ধরে নিয়ে গলা টিপে হত্যা করে হিসনা নদীতে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত হচ্ছে।