শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামীতে এ দেশেই গুড়া দুধ উৎপাদন হবে। আর আমদানি করতে হবেনা।
শনিবার ঝালকাঠিতে সকাল ১১টায় জেলা যুব উন্নয়ন কার্যালয়ে ক্ষুদ্রঋণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি মূল্যায়ন, বাস্তবায়ন ও প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আমু বলেছেন, যদি আমরা গ্রাম ও ইউনিয়ন ভিত্তিক মাছের চাষ, পোল্ট্রি ও গাভী পালন করে এগিয়ে যেতে পারি। গুড়া দুধ নিয়ে অনেক প্রশ্ন থাকলেও নিজেরাই স্বনির্ভর হয়ে তা উৎপাদন করতে সক্ষম হব। শুধু তাই নয় ইলিশ মাছ ছাড়াও অন্যান্য মাছ রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মজিদ আলীসহ আরো অনেকে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে মন্ত্রী বিভিন্ন জেলার মনোনীত ৯ জন ক্রেডিট সুপারভাইজারের মধ্যে ৩ জনকে সার্টিফিকেট তুলে দেন। এরপর মন্ত্রী বিকেলে নলছিটি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন।
