গ্যাসের দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে ----- জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০০:১৭

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব প্রসঙ্গে বলেছেন, গ্যাসের দাম সমন্বয়ের একটি প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে জমা দেওয়া হয়েছে। তাদের ওপর নির্ভর করছে। গ্যাসের দাম বাড়লেও বিদ্যুত্ খাতে এর তেমন প্রভাব পড়বে না। গতকাল শনিবার বুড়িগঙ্গা-মেঘনা নদীতে এক নৌ ভ্রমণে ফোরাম ফর এনার্জি  রিপোর্টার্স (এফইআরবি) আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংগঠনের চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক সদরুল হাসান।

প্রতিমন্ত্রী বলেন, সাগরে গ্যাস খোঁজার কার্যক্রম এখনই গ্রহণ করা উচিত। মাল্টি ক্লায়েন্ট সার্ভের কাজ আপাতত বন্ধ, এটা না হলে বিদেশি কোম্পানি আসতে চাইবে না। জরিপ করে যদি সম্ভাবনার দিকগুলো দেখানো যায় তখন বিদেশি কোম্পানিগুলো আগ্রহী হবে। স্থলভাগে অনুসন্ধান পিছিয়ে থাকা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতের অনেকের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে। ত্রিমাত্রিক জরিপের তথ্যে সমস্যা রয়েছে। কূপের নির্দিষ্ট অবস্থান চিহ্নিত করা যাচ্ছে না। ১০৮টি কূপ খননের পরিকল্পনা আবার পর্যালোচনা করা হচ্ছে।