ভোটকেন্দ্রে না গিয়ে জনগণ নীরব প্রতিরোধ প্রদর্শন করেছে: সিপিবি

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০০:১৯

সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে নীরব প্রতিরোধ প্রদর্শন করেছেন ঢাকাবাসী। কারণ সরকারের ধারাবাহিক ভোট ডাকাতিতে বিক্ষুব্ধ নগরবাসী। আর এজন্য ঢাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন সিপিবি নেতৃদ্বয়।

সিপিবি’র নেতৃদ্বয় বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে উপ-নির্বাচনে ঢাকা উত্তরের ভোটাররা ভোট দানে বিরত থাকায় নির্বাচন কমিশনের হিসাব মতে মাত্র ৩১ শতাংশ ভোট পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন না থাকলে ভোটের পরিমাণ আরো কম হতো।

নেতৃবৃন্দ বলেন, ৩০ ডিসেম্বর যেসব কেন্দ্রে নৌকা মার্কা ৯০% এর বেশি ভোট পেয়েছিল, ২৮ ফেব্রুয়ারি সেসব কেন্দ্রেই নৌকা মার্কা ২০% থেকে ৩০% ভোট পেয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট ডাকাতির ফলশ্রুতিতে সৃষ্ট হতাশা থেকেই মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

নেতৃবৃন্দ ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য গণআন্দোলনে অংশ নিতে এবং গণআন্দোলনকে গণঅভূত্থানে পরিণত করতে দেশবাসীকে রাজপথে নেমে আসতে আহ্বান জানান।