ভারতের বিস্তীর্ণ অঞ্চলে দাবদহ, ৩৩৫ জনের প্রাণহানি

আপডেট : ২৪ মে ২০১৫, ১৮:০৩
 
ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মারাত্মক দাবদহ চলছে। দেশটিতে গত কয়েকদিনে দাবদাহে ৩৩৫ জনের প্রাণহানি হয়েছে।
 
এর মধ্যে শনিবারই দক্ষিণাঞ্চলের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে ১৩৫ জন মারা গেছেন। রাজ্য দুটিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ডিগ্রি বেশি বিরাজ করছে।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য প্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, রাজস্থন, বিদর্ভ, হরিয়ানা ও তেলেঙ্গানা প্রদেশের অনেক জায়গায় প্রচণ্ড দাবদহ আরো কিছুদিন থাকতে পারে।
 
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেলেঙ্গানায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এলাহাবাদে ছিল ৪৭ ডিগ্রি, জয়পুরে ৪৫ ডিগ্রি ও দিল্লীতে ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
 
ভারতের রাজধানী দিল্লীতে গত সাত দিন ধরে দাবদহ চলছে। আরো এক সপ্তাহ এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সফদারগঞ্জে ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিল্লীর মধ্যাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। উত্তর প্রদেশের এলাহাবাদে তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁয়েছে।
 
অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, দাবদহে গত সপ্তাহে তার রাজ্যে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী তেলেঙ্গানা রাজ্যের এক কর্মকর্তা বলেন, গত ১৫ এপ্রিল থেকে এই পর্যন্ত সেখানে ১৩০ জনের প্রাণহানি হয়েছে।
 
মধ্য প্রদেশের ভূপালে সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি ও ইন্দোরে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজস্থানের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। জয়পুরের অনেক এলাকায় পানির ঘাটতি দেখা দিয়েছে। উড়িষ্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ২৬। সূত্র: এএফপি।