ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আট পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বাবুলকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শাহ জুয়েল (২৩) ও সজিবকে (৩০) জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, সরাইল থানার ওসি মো. আলী আরশাদ, এসআই মো. বোরহান, কনস্টেবল আমির হোসেন, রবিউল আলম, সানিমুল ইসলাম, মো. শহিদুল ও নায়েক মো. কামরুল।
এ ঘটনায় বাদী হয়ে পুলিশ ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো দুই শ জনকে আসামি করে রাতে মামলা করেন। পুলিশ রাতেই মাহফুজ (৩০), আবদুস সাত্তার (৩২) ও দেলোয়ার (২৫) নামে তিন আসামিকে গ্রেফতার করে।
জানা গেছে, টাকা লেনদেনকে কেন্দ্র করে উপজেলার শাহবাজপুর দক্ষিণপাড়ার সালেক মিয়ার সাথে উত্তরপাড়ার হাকিম মিয়ার বাক্বিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাজপুর গ্রামে মহাসড়কের পাশে প্রথম গেট এলাকায় উত্তর এবং দক্ষিণ পাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
