যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে দুই নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যার অভিযোগ থেকে পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে আদালত। ২০১২ সালে মাইকেল ব্রেলো নামের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা টিমোথি রাসেল ও ম্যালিসা উইলিয়ামসের গাড়ি ধাওয়ার পর গুলি করে তাদেরকে হত্যা করে।
মাইকেল ব্রেলো গাড়ি ধাওয়া করার পর নিরস্ত্র দুই কৃষ্ণাঙ্গকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালান। এসময় ওই পুলিশ কর্মকর্তা গাড়ির ভেতর থেকেই ওই দুজনকে লক্ষ্য করে গুলি চালান। ফলে গুলি উইন্ডশিল্ড ভেদ করে তাদের আঘাত করে।
এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে পুলিশের আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এর পর দেশটিতে পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নিহত হয়। সংখ্যালঘু কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশের নিষ্ঠুর আচরণের প্রতিবাদে বেশ কয়েকটি রাজ্যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ক্লিভল্যান্ডের একটি আদালত পুলিশ কর্মকর্তা মাইকেল ব্রেলোকে 'ইচ্ছাকৃত নরহত্যা'র দায় থেকে অব্যাহতি দিয়েছে। আদালত বলেছে, 'মাইকেল ব্রেলো গুলি চালিয়ে যৌক্তিক আচরণ করেছেন।'
এই রায়ের প্রতিবাদে ক্লিভল্যান্ডে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাতেও বিক্ষোভ অব্যাহত থাকে। এ সময় অন্তত ২০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সূত্র: রয়টার্স
