সড়ক দুর্ঘটনায় নিহত আত্মীয়ের লাশ দাফন করতে গিয়ে একইভাবে লাশ হয়ে ফিরলেন মেহেরপুরের এক কৃষি কর্মকর্তা। নিহতের নাম খোদাজ্জেল হোসেন (৫০)। তিনি সদর উপজেলার কৃষি অফিসের পিরোজপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দশটার দিকে শহরের তাহের ক্লিনিকের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। খোদাজ্জেল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের দফরপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় খোদাজ্জেলের আত্মীয় আব্দুর রশিদ নিহত হন। আজ সকালে জানাজায় অংশগ্রহণ শেষে লাশ মাটি দিতে মোটরসাইকেলযোগে পৌর গোরস্থানের উদ্দেশ্যে যাচ্ছিলেন খোদাজ্জেল হোসেন ও আব্দুল হান্নান বিশ্বাস। শহরের মল্লিকপাড়া সংযোগ সড়ক দিয়ে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কে ওঠার সময় মেহেরপুরের যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার মাহবুবুর রহমান খোদাজ্জেলকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল হান্নান বিশ্বাসকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
