‘ছুটি মেলেনি, কারখানার টয়লেটে সন্তান প্রসব’ শিরোনামে ভুল সংবাদ পরিবেশনের দায়ে একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিককে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক মাসের মধ্যে এই ওই নারী শ্রমিককে জরিমানার টাকা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের আদালত এই আদেশ দেয়।
গাজীপুরের অ্যাপেক্স ফুটওয়্যার কারখানায় এক নারী শ্রমিককে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দৈনিকটি। প্রতিবেদনে বলা হয়, ছুটি না মেলায় টয়লেটে সন্তান প্রসব করেছেন এক নারী শ্রমিক। পরে প্রতিবেদনটি হাইকোর্টের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে এবং ঘটনা তদন্তে আদালতে প্রতিবেদন দাখিল করতে গাজীপুরের কালিয়াকৈর থানার টিএনওকে নির্দেশ দেয়। তদন্তে দেখা যায়, ঘটনার কোনো সত্যতা নেই। এমনকি প্রতিবেদনের বিষয়বস্তুর সত্যতাও পাওয়া যায়নি।
আজ হাইকোর্টে এই প্রতিবেদন দাখিল করা হলে আদালত ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
