দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০ বছর পর জার্মানিতে সে সময়কার একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার রাইন নদীর তীরে মুয়েলহেইম সেতুর কাছে এটি নিষ্ক্রিয় করা হয়।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কোলোগনেতে একটি নির্মাণ কাজ চলাকালে বোমাটি উদ্ধার হয়।
বোমাটি নিষ্ক্রিয় করার সময় আশেপাশের এলাকার ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়। এছাড়া সেখানকার সকল অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এক টন ওজনের অবিস্ফোরিত বোমাটি যুক্তরাষ্ট্রে নির্মিত। এটি মাটির পাঁচ মিটার (১৬ ফুট) গভীরে চাপা পড়েছিল। বোমাটি নিষ্ক্রিয় করতে আধা ঘণ্টা সময় লেগেছিল। সূত্র: বিবিসি ও এনডিটিভি।
