বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহ করেছে ক্যামেরুন

আপডেট : ২৮ মে ২০১৫, ২১:১৪
 
নাইজেরিয়ার ভয়ংকর জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে একটি তহবিল গঠন করেছে ক্যামেরুনের সেনাবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বুধবার জানায়, ওই তহবিলে ত্রিশ লাখ ইউরো এবং এক লাখ টন খাদ্য সংগ্রহ করা হবে। খবর এনডিটিভির।
 
ক্যামেরনের রাষ্ট্রীয় সিআরটিভি রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, নাইজেরিয়ার সঙ্গে ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় সীমান্তে সক্রিয় জঙ্গি গ্রুপটির বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াইয়ের জন্য এরই মধ্যে ৩২ লাখ ইউরো সংগৃহীত হয়েছে। ক্যামেরুনজুড়ে দুর্নীতির বিস্তার থাকায় তহবিলের 'স্বচ্ছ' ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে তহবিল সংগ্রহ শুরুর পর সেনাবাহিনীকে সহায়তা করতে হাজারখানেক টন খাদ্য অনুদান দেয়া হয়েছে বলেও সিআরটিভি নেটওয়ার্ক জানিয়েছে।
 
এই তহবিল সংগ্রহের জন্য ক্যামেরুনের মানুষদের কাছ থেকে অর্থ বা খাদ্য সহযোগিতা নেয়া হয়েছে। উল্লেখ্য, দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির পর গত বছরের আগস্টে ক্যামেরুন জঙ্গিগোষ্ঠীটিকে দমন করার সিদ্ধান্ত নেয়।